সাকিব-রিয়াদের ঘটনায় আম্পায়ারিং ছাড়ছেন মনিরুজ্জামান

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে মেজাজ হারাতে দেখা গেছে।

সাকিব-রিয়াদের আম্পায়ারের প্রতি এমন আচরণে ক্ষুব্ধ হয়ে আম্পায়ারিং ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিসিবির আম্পায়ার ও সাবেক ক্রিকেটার মনিরুজ্জামান। আম্পায়ারের সাথে ক্রিকেটারদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে সম্মানহানির শঙ্কায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগকে ইতোমধ্যে আম্পায়ারিং ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন মনিরুজ্জামান। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সম্মান একটা বড় বিষয়। আর কাজের পরিবেশটাও গুরুত্বপূর্ণ। আমি আর আম্পায়ারিং করতে চাই না। আমার আত্মসম্মানবোধ আছে এবং তা নিয়েই বাঁচতে চাই।

তিনি আরও বলেন, আম্পায়ারদের ভুল হতেই পারে। কিন্তু তাদের সাথে এমন আচরণ মানা যায় না। আমি তো শুধুমাত্র টাকার জন্য আম্পায়ারিং করছি না।

মনিরুজ্জামান।

সাকিব-রিয়াদের ঘটনায় তিনি বলেন, যদিও আমি সাকিবের ম্যাচে আম্পায়ার ছিলাম না। তবে সে যা করেছে তা আমার জন্য হজম করা কষ্টের। রিয়াদের ম্যাচে আমি টিভি আম্পায়ার ছিলাম। তার ঘটনা আমি খুব কাছ থেকেই দেখেছি। এটি আমাকে বাকরুদ্ধ করে ফেলে এবং আমি আম্পায়ারিং ছাড়ার সিদ্ধান্ত নেই।

গত ১১ জুন আবাহনীর বিপক্ষে ম্যাচে এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আম্পায়রের ওপর মেজাজ হারিয়ে মোহামেডানের অধিনায়ক সাকিব ম্যাচে দুইবার স্টাম্প ভাঙ্গেন।

এরপর গত ২৩ জুন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে হতাশ হয়ে শিশুসুলভ আচরণ করেন মাহমুদউল্লাহ। নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন এবং ঘাসে দুই হাত আছড়ে মারার পর মাটিতে গড়াগড়ি খান তিনি। যদিও এই দুই ঘটনায় সাকিব-রিয়াদ দুইজনকেই শাস্তি পেতে হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর