করোনাভাইরাসে বিপর্যস্ত খুলনা। খুলনায় করোনায় মৃত্যু মিছিল থামছেই না। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে দুইজন, গাজী মেডিকেল হাসপাতালে আটজন ও খুলনা জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুইজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত দু’জন হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। হাসপাতালটিতে আজ সকাল পর্যন্ত ২০১ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার দৌলতপুরের আয়শা বেগম (৬৮), একই এলাকার ফাতেমা বেগম (৬০) এবং বাগেরহাটের শরণখোলার রাবেয়া বেগম (৪৫)।
তিনি আরও জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় খুলনার গল্লামারী এলাকার নূর আলম মোল্লা (৬৭), ডুমুরিয়ার অজয় সাহা (৫২), বটিয়াঘাটার নিখিল রঞ্জন মণ্ডল (৬৯), খুলনার দৌলতপুরের পাবলার মো. গোলাম হোসাইন (৬৫), যশোরের বেজপাড়ার এস এম অনিন্দ রিমেল (৩০), একই এলাকার শিমুলপুরের সেকেন্দার আলী (৫৫), কেশবপুরের সানাঙ্গসা এলাকার সিরাজ উদ্দিন (৯৫), পিরোজপুর সদরের ৩১৪ সিআইপাড়ার আবুল বরকত (৮১) মারা যান।
হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন।
বার্তা বাজার/নব