রায়পুরায় বাজারের সড়কে জলাবদ্ধতা, চরম জনদুর্ভোগ

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারের প্রধান সড়কের বেহাল অবস্থা। সড়কে খানাখন্দে ভরপুর। সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি জমে যায়। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের মাঝে পানি ও কাঁদা জমে সড়কটিতে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এতে করে লোকজনকে পানিতে ভিজে অতি কষ্টে চলাচল করতে হচ্ছে ।

অটো, সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাকালে সমস‍্যা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন যাবৎ সড়কটি সংস্কার না হওয়ায় দিন দিন জনদুর্ভোগ বাড়ছে । উপজেলার অন‍্যতম গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে এই রাধাগঞ্জ বাজার। সাপ্তাহিক হাটের দিন জেলার প্রত‍্যন্ত অঞ্চল থেকে লোকজন এই হাটে আসে। হাটে আসা লোকজন চরম দুর্ভোগে পড়ে। বিভিন্ন যানবাহন দিয়ে কৃষিপণ‍্য আনা নেওয়ার ক্ষেত্রে কৃষকরা মারাত্মক সমস্যায় পড়ছে।

সিএনজি চালক অলিউল্লাহ বলেন, রাস্তার মধ‍্যে পানি লেগে থাকায় আমরা গাড়ি চালাতে পারি না। আমাদের গাড়ির ভিতর পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায়। মানুষ চলাচল করতে পারেনা। ভীষণ কষ্টে আছি আমরা এই রাস্তার জন‍্য। রাধাগঞ্জ বাজারের ঔষধ ব‍্যবসায়ী রিয়াজুল কবির বলেন, রাধাগঞ্জ বাজারের প্রধান রাস্তা এটি। এই রাস্তাটির বেহাল দশা। বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি লেগে থাকে। বাজারে আসা লোকজন মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে ভীষণ কষ্ট করছে।

তিনি বলেন এই রাস্তা নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে অনেকবার আলোচনা হয়েছে কিন্তু এখন পযর্ন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পাশে নদী থাকা সত্বেও ও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই সব সময় পানি লেগে থাকে।

আদিয়াবাদ ইউ পি চেয়ারম্যান ও রাধাগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বৃষ্টি হলেই এই সড়কে অনেক পানি জমে থাকে। খানাখন্দে ভরপুর। লোকজন চলাচলে অনেক সমস্যা হচ্ছে। গাড়ি আটকে যায়। লোকজন মালামাল আনা নেওয়া করতে পারেনা। এটা বড় আকারের জনদুর্ভোগ। দ্রুত রাস্তাটি সংস্কার প্রয়োজন।

রায়পুরা উপজেলা প্রকৌশলী শামিম ইকবাল মুন্না বলেন, আগামী অর্থবছরে বিশ্বব‍্যাংকের অর্থায়নে রাস্তাটি মেরামত করা হবে।

রেজাউল করিম/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর