মগবাজারে বিস্ফোরণ: দগ্ধ ইমরানের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইমরান হোসেন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। বুধবার (৩০ জুন) সকাল ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছাড়াও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথম থেকেই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিল ইমরান। সর্বশেষ বুধবার সকালে তার মৃত্যু হলো। এই ঘটনায় আরও চারজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে নুরুন্নবী ও রাসেল নামের দুজনের অবস্থা সংকটাপন্ন।

একই ঘটনায় ঢাকা মেডিকেলে আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

আহত ইমরানের ছোটবোন আইরিন জানান, তাদের বাসা শান্তিনগরে। ইমরান স্ত্রী নিয়ে মগবাজারে থাকতেন। সে তিন বছর আগে বিয়ে করে তামান্নাকে। তাদের কোনো সন্তান নেই। দুই বছর ধরে ইমরান ওয়ারলেসে ‘ব্যাঙ্গল মিট’ নামে মাংসের দোকানে সেলসম্যানের চাকরি করছিল। ওইদিন সন্ধ্যায় লোকমারফত খবর পান মগবাজারে তাদের দোকানের পাশে বিস্ফোরণ হয়েছে। ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান।

ইমরানের মৃত্যু দিয়ে মগবাজারের এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর