ভুটানে উপহার হিসেবে আম-কাঁঠাল পাঠালেন প্রধানমন্ত্রী
ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম ও কাঁঠাল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ জুন) বিকালে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভুটানের প্রতিনিধি মি. গ্রুরমের কাছে মৌসুমী ফলের এই উপহার হস্তান্তর করা হয়।
রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের জন্য পাঠানো উপহার সামগ্রীর মধ্যে ছিল দুই হাজার কেজি আম ও কাঁঠালসহ মোট ১৫০ কার্টন মৌসুমি ফল।
এর আগে ফল পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মো. জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে জানানো হয়।
চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় উক্ত ভিভিআইপি উপহারসামগ্রী বুড়িমারী স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
উপহার হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার, স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁঞা, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত, বুড়িমারী কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা অচিন্ত কুমার ঝাঁ, ভারতীয় চ্যাংরাবান্দা শুল্ক স্টেশনের কাস্টমসের প্রতিনিধি নীলকান্ত মিশ্র ও ইন্সপেক্টর অনুপ সাহা প্রমুখ।
বার্তা বাজার/এসজে