আলিশা মার্টসহ দেশের ৭ ই-কমার্স শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ।
পত্র পাওয়ার এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে তাদের লেনদেন সংক্রান্ত সকল তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ৭ প্রতিষ্ঠানসহ মোট ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে ইতোমধ্যেই কার্ডে লেনদেন স্থগিত করেছে অনেক ব্যাংক।
তলবের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অ্যালিশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম।
এসব প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্নিষ্ট ব্যক্তির নামে কোনো হিসাব বর্তমানে বা ইতিপূর্বে পরিচালিত হলে তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীও পাঠাতে হবে। কয়েকটি ব্যাংক এই ৭ প্রতিষ্ঠান ছাড়াও ইভ্যালি, ই-অরেঞ্জ ও কিউকমের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করে। যদিও অ্যাকাউন্ট তলবের তালিকায় প্রতিষ্ঠানগুলোর নাম নেই।
এর আগে গতবছর ইভ্যালির অ্যাকাউন্ট তলব ও পরবর্তীতে ফ্রিজ করা হয়। একই সাথে ফ্রিজ করা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের অ্যাকাউন্ট।
সম্প্রতি গ্রাহকদের যে পরিমাণ অর্থ ইভ্যালি নিয়েছে তার চেয়ে সম্পদের পরিমাণ অনেক কম থাকায় আবারও আলোচনায় আসে প্রতিষ্ঠানটিসহ পুরো ইকমার্স খাত।
বার্তা বাজার/এসজে