করোনা সংক্রমণ রোধে দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দিয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মডার্নার টিকা অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুন টিকাটির অনুমোদন দেওয়া হয়।
এতে আরও বলা হয়েছে, মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করতে হয়।
জুলাইয়ের শুরুতেই দেশে ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা আসার কথা রয়েছে তার আগেই এই অনুমোদন দেয়া হলো।
এর আগে, দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা কোভিশিল্ড, ফাইজার-বায়োএনটেকের টিকা, রাশিয়ার টিকা স্পুৎনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকার অনুমোদন দেয় বাংলাদেশ।
বার্তাবাজার/ই.এইচ.এম