মেট্রোরেল কর্তৃপক্ষের জন্যই জলাবদ্ধতার সৃষ্টি: মেয়র আতিক

রাজধানীতে জলাবদ্ধতাসহ নানা জনদুর্ভোগের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলছেন, মেট্রোরেল কর্তৃপক্ষ কমপ্লায়েন্স মেনে কাজ না করায় চুক্তির শর্ত ভঙ্গ এবং জলাবদ্ধতাসহ বিভিন্ন ধরণের জনভোগান্তির সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুরের রোকেয়া সরণিতে মেট্রোরেল প্রকল্প এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ যেসব শর্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দসহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে তারা সেসব শর্ত যথাযথভাবে প্রতিপালন করে নাই।কমপ্লায়েন্স মেনে কাজ করার কথা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ তা না করার কারণেই আশেপাশের লোকজনকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণসহ নানাবিধ সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার কারণে রাস্তা ও ড্রেনে জমে থাকা বিভিন্ন নির্মাণ সামগ্রীর ২৩৭ বস্তা উচ্ছিষ্ঠাংশ ডিএনসিসির পক্ষ থেকে ইতোমধ্যে অপসারণ করা হয়েছে এবং অত্যাধুনিক জেট এন্ড সাকার মেশিন দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, রাস্তা, ড্রেন ও ফুটপাথ সচল রেখে মেট্রোরেলের কাজ চলমান রাখার কথা কিন্তু বিদ্যমান অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা মেট্রোরেলের কাজের কারণেই নানাভাবে বাধাগ্রস্থ হচ্ছে। তাই রাস্তা, ড্রেন ও ফুটপাথ সচল রাখার ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর