মহামারি করোনার কারণে দেশের অর্থনীতিতে ১ হাজার ৭০০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক হিসাব মতে ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরে করোনার প্রকোপে দেশের অর্থনীতিতে মোট ক্ষতি হয়েছে ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এই সময়ে অর্থনৈতিক অভিঘাত থেকে উত্তরণের জন্য আমরা ১৫.২ বিলিয়ন ডলার সমপরিমাণ ২৩টি প্রণোদনা প্যাকেজ প্রণয়ন করে বাস্তবায়ন করেছি।
তিনি জানান, করোনা প্রতিরোধে টিকা সংগ্রহসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীদের পাশে পেয়েছি। মহামারি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ ও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণ পেয়েছি। আগামী ২০২১-২২ অর্থবছরে আরও প্রায় ২ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা আমরা পেতে যাচ্ছি। এর পাশাপাশি টিকা কিনতে ভ্যাকসিন সাপোর্ট বাবদ আরও ২ বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস পেয়েছি।
প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। মহামারির সময়েও আমরা অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছি। যদিও এর নেতিবাচক প্রভাব আমাদের অর্থনীতির ওপর পড়েছে। তবে এই পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারে সময়োচিত নানাবিধ ব্যবস্থা নিয়েছি। করোনাভাইরাসের ফলে আমাদের আমদানি-রফতানিসহ অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়ে। বিভিন্ন সেক্টরে এর প্রভাব দেখা দেয়। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ নিই।
বার্তা বাজার/এসজে