আলোচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আবারও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় কাশিমপুরে।
সূত্র জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকে রিমান্ডের জন্য পাঠানো হয় ঢাকায়। ঢাকা থেকে পাঠানো হয় ময়মনসিংহ কারাগারে।
জানা যায়, আলোচিত এই ইসলামী বক্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের গাছা ও বাসন থানায় একটি করে, ঢাকার মতিঝিলে দু’টি; তেজগাঁও, পল্টন এবং কোতোয়ালী থানায় দায়ের করা হয়েছে একটি করে মামলা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে রফিকুল ইসলামকে তাদের হেফাজতে বুঝে নেওয়া হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম