নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ হাতে আঁকা ছবি আত্মসাতের অভিযোগে দু’জনের নামে মামলা দায়ের করেছেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন।
মঙ্গলবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটি তিনি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে আগামী ২৯ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
দায়েরকৃত মামলায় অভিযুক্তরা হলেন, রুমা চৌধুরী ও তার সাবেক স্বামী বই ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২ সালে চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থানকালে অবসর সময়ে বেশ কিছু ছবি আঁকেন হুমায়ুন আহমেদ। তখন তার ঘনিষ্ঠতা তৈরী হয় রুমা চৌধুরী ও বিশ্বজিৎ সাহার সাথে। সম্পর্কের সূত্রে একই বছরের জুন মাসে ফেরত দেওয়ার শর্তে নিজের আঁকা ২৪টি ছবি প্রদর্শনীর জন্য তাদেরকে দেন হুমায়ুন আহমেদ।
কিন্তু পরবর্তীতে ছবিগুলো আর ফেরত দেয়নি তারা। বারবার পরিবারের পক্ষ থেকে চাওয়া হলেও তা ফেরত পাওয়া যায়নি। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর সন্তানদের নিয়ে দেশে ফিরে আসেন শাওন। অনেকবার ছবি চেয়ে না পেয়ে দেন দরবার করে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে রুমা ও বিশ্বজিৎ হুমায়ুন আহমেদের মা আয়েশা ফয়েজের বাসায় ২৪টি ছবির মধ্যে ২০টি ফেরত দিলেও ৪টি দেননি।
বার্তা বাজার/এসজে