করোনা হাসপাতালগুলোতে ফুরিয়ে এলো আইসিইউ শয্যা

রাজধানীর ১৩টি কোভিড ডেডিকেটেড হাসপাতালে দ্রুত ফুরিয়ে আসছে আইসিইউ শয্যা। ৩৮৪টি শয্যার মধ্যে আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুর পর্যন্ত খালি ছিলো ১৩৩টি শয্যা। আর সাড়ে তিন হাজারের মতো সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ২ হাজারের বেশি শয্যা। এছাড়া, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইনটিন হাসপাতালে আসা রোগীদের ৭০ ভাগেরও বেশি ঢাকার বাইরের।

নড়াইল থেকে করোনা আক্রান্ত হয়ে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতাল এসেছেন মৌসুমি আক্তার। গত ২১ জুন করোনা আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিস্থিতি আরো খারাপ হলে তাকে ঢাকায় নিয়ে আসে পরিবার। তার মতো অনেকেই আছেন এই হাসপাতালে।

রোগীর স্বজন জানান, জেলাগুলোয় অক্সিজেনের মাত্রা অনেক কম। খুলনায় সিট নেই, সেখানের অবস্থা খুবই খারাপ। জেলা সদর থেকে রিলিজ দিয়ে দেয়। এ কারণে আমরা এখানে নিযে এসেছি।

আরো এক রোগীর স্বজন বলেন, হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন। করোনা টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ আসে। এখন বাবার শরীরের অবস্থা খুুব একটা ভালো না।

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড- ১৯ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানালেন, এই হাসপাতালে আসা রোগীদের ৭০ শতাংশের বেশি ঢাকার বাইরের। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন রোগী আসেন। ২১২টি আইসিইউ শয্যার মধ্যে ১০০টিতেই রোগী রয়েছেন।

তিনি বলেন, ‘আমার এখানে ৭০ ভাগ রোগীই ঢাকার বাইরের। যারা আসছে তাদের অবস্থা খারাপ হওয়ার পরই কিন্তু আসছে। এখানে এসে তারা খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে ঢুকে যাচ্ছে।’

করোনায় আক্রান্ত রোগী বাড়ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। তবে কোনো আইসিইউ বেড খালি নেই।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ‘প্রতিদিনই বাড়ছে, তবে কালকের বৃদ্ধিটা আমরা চোখে লাগলো। কখন ৫০০ হয়ে যাবে, কখন ৬০০ হয়ে যাবে। কঠিন সময় আসছে সামনে, কারণ এরা যখন ক্রিটিকাল অবস্থা হয়ে আমাদের কাছে আসবে। ১০-১৫ দিনের মধ্যেই কিন্তু আমরা এই ক্রিটিকাল পেশেন্টগুলো পাওয়া শুরু করবো।’

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যার একটিও খালি নেই। আর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাধারণ শয্যা খালি থাকলেও কোন আইসিইউ শয্যা ফাঁকা নেই।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর