‘বিএনপি ব্যর্থ ও জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে’
বিএনপি ব্যর্থ ও জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৯ জুন) নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ দেশে একচ্ছত্র আদিপত্য বিস্তার করতে রাষ্ট্রকাঠামো পরিবর্তন করছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এগুলো তাদের মনগড়া ও মুখরোচক কথা।
কাদের বলেন, বিএনপির প্রতিদিনের রুটিন সরকারের বিরুদ্ধে কিছু বলা। তারই ধারাবাহিক অংশ হিসেবে এসব বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ চলে তার সাংবিধানিক কাঠামো ও বিধিবিধান অনুযায়ী। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধীদল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন।
ওবায়দুল কদের প্রশ্ন রেখে বলেন, বিরোধী দল নির্বাচনে না আসলে গণতন্ত্র কিভাবে অর্থবহ হবে? এদিকে তারাই গণতন্ত্রকে দুর্বল করছে।
একদিকে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং দেশ-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার অব্যাহত রাখা, অন্যদিকে রাষ্ট্র কাঠামোর শক্তিশালী করার কথা বলা বিএনপির দ্বিচারিতা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম