বিপদসীমার উপর দিয়ে পানি, সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক ভোগান্তি
গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা নামক অংশটি ডুবে জেলা সদরের সাথে তাহিরপুরের যান চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে যাদুকাটা নদীর পানি বৃদ্ধি পেয়ে রক্তি নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে গত রাত থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তাহিরপুরের বাসিন্দা সোহানুর রহমান সোহাগ জানান, জরুরি কাজে ভারী বৃষ্টির মধ্যেই বাইরে বের হয়েছিলাম কিন্তু আনোয়ারপুর বাজারের ব্রীজের সামনের সড়কটি ডুবে যাওয়ায় জেলা সদরে আর যেতে পারিনি।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, টানা বৃষ্টিতে শক্তিয়ারখলা সড়কের প্রায় এক কিলোমিটার সড়ক ডুবে যাওয়ায় সকাল থেকেই যান চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর পানি বর্তমানে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় উপজেলার লাউড়েরগড় এলাকায় ১৮০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামি ২৪ ঘন্টা এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরো বৃদ্ধি পাবে।
এইচ এম আবির/বার্তা বাজার/টি