ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি নিজেই মদপান করে ক্লাবে গিয়ে অপকর্ম করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন তার দায়ের করা মামলায় আসামিপক্ষের আইনজীবী।
মঙ্গলবার (২৯ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শাহাজাহী তাহমিদার আদালতে শুনানি কালে এই দাবি করেন পরীমনির দায়ের করা মামলার আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির আইনজীবী অ্যাডভোকেট ইমরুল কাউসার এবং আমানুল করিম লিটন।
মামলায় আসামিদের জামিনের শুনানিকালে তারা দাবি করেন, পরীমনি পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনা সাজিয়েছেন। ৮ জুন রাতে সাভারের বেড়িবাঁধ এলাকায় অবস্থিত ঢাকা বোট ক্লাবে গিয়ে নিজেই মদ পান করে অপকর্ম করার চেষ্টা করেছেন পরীমনি।
এসময় পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি নাসির উদ্দিন মাহমুদ (৬৫) ও তুহিন সিদ্দীকি অমির জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আসামিদ্বয়কে ৫ হাজার টাকা মুচলেকায় আগামী ৮ জুলাই পর্যন্ত জামিন দেন আদালত।
এর আগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক কামাল হোসেন ৫ দিনের রিমান্ড শেষে আসামিদেরকে আদালতে হাজির করেন। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, পরীমনি পূর্বপরিকল্পিতভাবে এ কাজ করেছেন। এ ঘটনার সাথে আসামিরা জড়িত নন। ওই ক্লাবে রাত তিনটা পর্যন্ত পরীমনি কি করলেন সেই ব্যাখ্যা এজাহারে নেই। তিনি মদ খেয়েছেন সিসিটিভির ফুটেজে তা আছে। তার দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, পায়ে লেগেছে সেই মানুষ কীভাবে মদ খায়?
তারা দাবি করেন, ঘটনার ৪ দিন পরে মামলা করা হয়েছে। পরীমনি আগে মিডিয়ার বাড়তি সুবিধা নিয়ে মামলা করেছেন। পরে মিডিয়া সেই ভুল বুঝতে পেরেছে। আসামি নাসির বয়স্ক এবং অসুস্থ মানুষ। তাকে দুই মামলায় ১২দিন রিমান্ডে নেওয়া হয়েছে। নতুন তথ্য বের হয়নি। জামিন পেলে তিনি তো পালিয়ে যাবেন না। তাই যেকোনো শর্তে জামিন প্রার্থনা করছি।
বার্তা বাজার/এসজে