শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে দলে থেকে পদত্যাগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সদস্য। পদত্যাগ করা নেতাদ্বয় হলেন- মেজর (অব.) হানিফ ও কর্নেল (অব.) শাহজাহান।
সোমবার (২৮ জুন) রাজধানীয় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।
তবে সূত্র জানিয়েছে, অসুস্থতার কারণ দেখালেও দলের শীর্ষ নেতাদের সাথে মতবিরোধ ও অবমূল্যায়নের কারণেই তার পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৯ জুন) কর্নেল (অব.) শাহজাহান তার পদত্যাগপত্রের অনুলিপি গণমাধ্যমে পাঠিয়েছেন। দলের মহাসচিবের কাছে লিখা পত্রে তিনি জানিয়েছেন, ‘স্বাস্থ্যগত কারণে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করিলাম।’
এদিকে মেজর (অব.) হানিফ জানান, সোমবার কর্নেল শাহজাহানকে নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত এবং অসুস্থতার কারণে তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ বিষয়ে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, এখন পর্যন্ত আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কাছে কোনো পদত্যাগপত্র উপস্থাপিত হয়নি।
প্রসঙ্গত, বিএনপির মনোনয়নে নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কর্নেল শাহজাহান, তিনি বর্তমান কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর মেজর হানিফ সিরাজগঞ্জের রহমতগঞ্জের নেতা।
বার্তা বাজার/এসজে