লাইভে সাংবাদিককে মারধর

টেলিভিশন লাইভে আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেককে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। রেগেমেগে অনেক সময় অতিথিরা অনুষ্ঠান ত্যাগ করেন।

তবে পাকিস্তানে টিভি লাইভে এক সাংবাদিকের ওপর ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার হামলার ঘটনাটি ইতিমধ্যে নজর কেড়েছে সবার। এমন হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার রাতে এক লাইভ টেলিভিশন অনুষ্ঠানে পিটিআইয়ের মসরুর আলি সাইয়াল তার সঙ্গেই অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে থাকা সাংবাদিক ইমতিয়াজ খান ফারানকে মারধর করেন বলে জানিয়েছে এনডিটিভি।

এতে দেখা গেছে মারধরের ঘটনার আগে সাইয়ালের সঙ্গে করাচি প্রেসক্লাবের প্রেসিডেন্ট ফারানকে তুমুল তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়।

এক পর্যায়ে পিটিআই নেতা সাইয়াল সাংবাদিক ফারানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন ও তাকে সপাটে চড় ও ঘুষি মারতে থাকেন। অনুষ্ঠানের অন্য অতিথি ও ক্রু-রা পরে দুজনকে আলাদা করেন।হাতাহাতির খানিক পর সাইয়াল ফের অনুষ্ঠানটিতে ফিরে এসে তার জন্য নির্ধারিত আসনে বসেন।

কয়েক মিনিট পর করাচি প্রেস ক্লাবের প্রেসিডেন্টকেও স্টুডিওতে ফিরে আসতে দেখা যায়; অনুষ্ঠানের বাকি অংশ এমনভাবে এগিয়েছে যেন কিছুই হয়নি।

সাংবাদিকের ওপর হামলার এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই পিটিআই নেতার আচরণকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

কেউ কেউ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার দলের নেতা সাইয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন।

অনেকে আবার এ ঘটনা নিয়ে মজা করতেও ছাড়েননি; হাতাহাতির ওপর ফোকাস না রেখে ক্যামেরাম্যান কেন অনুষ্ঠানে ফোকাস করেছে, তা নিয়ে মৃদু সমালোচনাও করেছেন তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর