পাবনায় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে। আটককৃতরা হল, সুজানগর উপজেলার বনখোলা দাসপাড়া গ্রামের মোয়াজ্জিম খাঁর ছেলে মনিরুল ইসলাম (২৫) ও সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সাদ্দাম হোসেন রুবেল (৩০)।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।

তিনি জানান, গত ১৮ জুন রাতে বেড়া থানার মৈত্রবাধা এলাকার বাসিন্দা ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি এপাচি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর।

এ ঘটনায় বেড়া মডেল থানায় একটি চুরির মামলা করেন ক্ষতিগ্রস্থ ইউসুফ আলী। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ২৬ জুন অভিযান চালিয়ে সুজানগরের দাসপাড়া থেকে প্রথমে মনিরুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক চোর চক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেলকে আটক করে।

পরে রুবেলের দেয়া তথ্য মতে পাবনা সদর, বেড়া ও সুজানগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫টি মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রুবেলের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুইজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর