সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ধ্বস

যমুনা নদীর প্রবল স্রোতে ও ঘূর্নাবর্তের কারনে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে ধ্বস দেখা দিয়েছে। এতে বাঁধের প্রায় ১০০ মিটার এলাকা যমুনা নদী গর্ভে চলে গেছে। হার্ডপয়েন্টে ভাঙ্গন দেখা দেওয়ায় শহরবাসীর মধ্যে ভাঙ্গন আতংক বিরাজ করছে। মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, যমুনা নদীর প্রবল স্রোত ও ঘূর্নাবর্তের কারনে দুপুর আড়াই টার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টের পুরাতন জেলখানা ঘাট এলাকায় নদীতে পানির বুদবুদ শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বাঁধে ধ্বস নামে। এক ঘন্টার মধ্যে আকস্মিক এ ধ্বস হার্ডপয়েন্টের প্রায় ৫০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরে ভাঙ্গন স্থানে শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে পাথর নিক্ষেপ করে ভাঙ্গন রোধ করার চেষ্টা চালিয়ে যায়। এদিকে শহর রক্ষা বাধে ভাঙ্গনের খবর পেয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড’র উপ-সহকারী প্রকৌশলী মো. মাছুদুল হক বলেন, হটাৎ করে বাঁধের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা জরুরী ভিত্তিতে এ ধ্বস থামাতে কাজ শুরু করেছি। এক ঘন্টার মধ্যে প্রায় ৫০ মিটার এলাকায় ধস নেমেছে।

উল্লেখ্য, যমুনা নদীর ভাঙ্গনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষায় ১৯৯৯-২০০০ অর্থবছরে প্রায় সাড়ে ৩শ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধটি নির্মান করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই কোম্পানি ১০০ বছরের গ্যারান্টি দিয়ে বাঁধটি নির্মাণ করলেও ২০০৯, ২০১০ ও ২০১১ সালে কয়েকদফা আকস্মিক ধ্বসে বাঁধের ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তা সংস্কার করা হয়েছিলো।

এম এ মালেক/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর