রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২৯ জুন) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. হারুনের বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ঘটনাস্থল থেকে আমাদের একটি টিম আরও একজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ং শো রুমের ঠিক বিপরীতের একটি ভবনের নিচতলা থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন এবং আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, ১৭ জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ২ জন হলি ফ্যামিলিতে ও ৩ জন আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার/নব