৬৬ কোটি টাকা গরমিল: বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আটক

শেয়ারবাজার বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা গরমিলের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে বিমানবন্দরের ইমিগ্রেশনে মুহিতকে আটক করা হয়। তিনি দেশত্যাগ করতে চেয়েছিলেন। এর আগে বিনিয়োগকারীদের অর্থ সরিয়ে ফেলার অভিযোগে গেল ১৫ই জুন পুঁজিবাজারে শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন স্থগিত করে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

এতে বিপাকে পড়েন প্রতিষ্ঠানটিতে লেনদেন করা সাড়ে ১১ হাজার বিনিয়োগকারী।

এদিকে, লেনদেন বন্ধ করে দেয়ার পর গত ১৭ই জুন ডিএসইর সঙ্গে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সমঝোতার মাধ্যমে বানকো সিকিউরিটিজ কার্যক্রম পরিচালনা করার আশ্বাস দেয়া হয়। এমন পরিস্থিতিতেই কোম্পানিটির চেয়ারম্যান দেশত্যাগের চেষ্টা করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর