দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্যসুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বেড়েছে।
তবে পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় গত ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল।
বার্তা বাজার/নব