আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়লেন মেসি

কোপা আমেরিকার গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেই সাবেক আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের মাচেরানোর রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। এবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমে মাচেরানকে ছাড়িয়ে গেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন মেসি।

২০০৪ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়া মাচেরানো অবসরের আগে ১৪৭টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে মেসি এখন পর্যন্ত খেলেছেন ১৪৮টি ম্যাচ।

রেকর্ড গড়ার ম্যাচে দারুণ খেলেছেন মেসি। বলিভিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। যেখানে মেসি জোড়া গোল করেছেন এবং বাকি দুইটি করেছেন পাপ্পু গোমেজ ও লওতারো মার্টিনেজ।

আর্জেন্টিনার জার্সিতে কেবল সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডই নয়, সর্বোচ্চ গোলের রেকর্ডটিও মেসির দখলে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৭৫ গোল করেছেন মেসি। ৫৪ গোল নিয়ে দুইয়ে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর