মেঘনায় মিলছে না ইলিশ, আর্থিক সংকটে ৬৫ হাজার জেলে পরিবার

ভরা মৌসুমেও লক্ষ্মীপুরে মেঘনা নদীতে রূপালী ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। করোনাকালে নানা সংকটের মধ্যে নদীতে মাছ না পাওয়ায় চরম আর্থিক সংকটে জেলার প্রায় ৬৫ হাজার জেলে পরিবার।

এদিকে, মাছ ঘাটে ইলিশ কম থাকায় অলস সময় পার করছেন মাছ ব্যবসায়ী ও আড়তদাররা।

মার্চ-এপ্রিল দুই মাস সরকারের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে মাছ ধরতে নেমেছেন লক্ষ্মীপুরের জেলেরা। ভরা মৌসুম হলেও মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। নদীতে মাছ ধরতে গেলে প্রতিদিন নৌকাভেদে জেলেদের খরচ হয় ৩ থেকে ৪ হাজার টাকা। কিন্তু মাছ না পাওয়ায় খরচের টাকাও উঠছে না তাদের। পরিবার পরিজন নিয়ে দিন কাটছে খেয়ে না খেয়ে।

বছরের এ সময়টায় কমলনগরের মতিরহাট, লুধুয়াঘাট, রামগতির বড়খেরী ও সদর উপজেলার মজু চৌধুরীর হাটসহ জেলার বিভিন্ন মাছ ঘাটে প্রতিদিন লাখ লাখ টাকার ইলিশ কেনা-বেচা হতো। কিন্তু এবছর নদীতে মাছ না পাওয়ায় তা নেমে এসেছে হাজারে।

নাব্য সংকট, জলবায়ু পরিবর্তন ও বৃষ্টিপাতের অভাবে মেঘনায় মিলছে না ইলিশ। পর্যাপ্ত বৃষ্টি হলেই ইলিশ পাওয়া যাবে বলছেন জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর