ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বিল থেকে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ডালপা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. হোসাইন (০৭) ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোরসালিন (০৬)।
নিহতদের পরিবারের সূত্রে জানান যায়, সোমবার সকালে হোসাইন ও মোরসালিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে খেলতে যায়। এরপর আর তারা বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় ওই দুই শিশুর নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর মঙ্গলবার (২৯ জুন) সকালে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাসেল আহমেদ/বার্তা বাজার/এফএইচপি