মগবাজারে বিস্ফোরণ: এখনো নিখোঁজ বৃদ্ধ নিরাপত্তাকর্মী

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনার পর খোঁজ মিলছে না ওই ভবনের ৭০ বছর বয়সী এক নিরাপত্তা কর্মীর। নিখোঁজ ব্যক্তির সন্ধান চাইলেও, কেউ তা কানে তুলছেন না বলে অভিযোগ করেছেন তার মেয়ে হেনা বেগম।

হারুন অর রশিদ। বাড়ি বরিশাল। ছিলেন মগবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের নিরাপত্তা কর্মী। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ তিনি।

স্বজনরা বলছেন, সব হাসপাতালে খুঁজেও মরদেহ কিংবা আহত অবস্থায় হারুন অর রশিদের খোঁজ মিলেনি। তাই তারা সন্দেহ করছেন, ধ্বংসস্তুপের নিচেই রয়েছেন তিনি।

নিখোঁজ ব্যক্তির মেয়ে হেনা বেগম জানান,’আমার মনে হয় আমার বাবা ভবনের নীচে মাটি চাপা পড়ছে। নয়তো আমরা বাবা আমাকে ফোন দিতো। সব মেডিক্যালে গেছি।’

নিখোঁজ ব্যক্তির মেয়ে জানান, তার বাবা চার বছর ধরে ভবনটির নিরাপত্তা কর্মী ছিলেন। ঘটনার দিন বিকেল সাড়ে ৫টায় সবশেষ কথা হয়েছে বাবার সাথে। তখনও এখানেই ছিলেন তিনি। আশপাশের ভবনে যারা থাকেন কিংবা কাজ করেন, তারা জানালেন সেই সময়ের ভয়াবহতার কথা।

ঘটনাস্থল পরিদর্শন করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পুরো শহরকেই মৃত্যুকূপ মন্তব্য করে পরিকল্পিত নগরায়নের আহ্বান জানান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন,’এটা তো সত্যি যে আমরা একটি মৃত্যুকূপে বসবাস করছি। কখন কী ঘটবে আমরা কিন্তু জানি না। শহরটাকে বাসযোগ্য করার তাগিদটা যদি আমরা এখনই অনুভব না করি, তবে আরও বড় ধরণের ঘটনা ঘটবে।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর