মহামারি করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ২৫ জন মারা গেছেন। দেশে করোনা সংক্রমণ শনাক্তের পর রামেক হাসপাতালে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।
এদের মধ্যে ৯ জন করোনায় এবং ১৬ জন উপসর্গে মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ৯ জন করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে ১২ জনের বাড়ি বিভাগে করোনার হটস্পট রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুজন এবং চুয়াডাঙ্গার একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।
বার্তাবাজার/পি