বাবা মায়ের ডিভোর্সের পর অভিমান করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে এক কলেজ শিক্ষার্থী। রাজধানীর হাজারীবাগে একটি হোস্টেলের পঞ্চম তলা থেকে রাত ৮টায় পুলিশ মরদেহ উদ্ধার করে বিবিএ পরীক্ষা দেয়া সুচিতা রহমান মারিয়ার।
সুইসাইড নোটে বলা হয়েছে, বাবা-মায়ের ডিভোর্স হওয়ার কারণে বছর খানেক আগে বিয়ে হওয়া তার স্বামীও তাকে ডিভোর্স দেবার হুমকি দেয়। কোন উপায় না পেয়ে, সে আত্মহত্যা করবে বলে মেসেজও পাঠায় বান্ধবীদের। মারা যাওয়ার পর তার মরদেহ পোস্টমর্টেম না করার জন্যও সুইসাইড নোটে উল্লেখ করে সে।
মারিয়ার বাবা মাহমুদুর রহমান সেরনিয়াবাত বরিশালের গৌরনদীর সাবেক সরকারি কর্মকর্তা।
তিনি জানান, প্রেম করে নিজের পছন্দে বিয়ে করেছিল তার মেয়ে। স্বামী একাধিকবার তার কাছে যৌতুক দাবি করেছিল। এসব কারণে মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান।
এদিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামীকে থানায় নিয়ে গেছে।
বার্তাবাজার/পি