‘আরোগ্য’ নামে বিশেষ ট্রেন সেবা, থাকবে করোনা ভ্যাকসিন সেন্টার

‘আরোগ্য’ নামের বিশেষ ট্রেন সেবা চালু করেছে ভারত পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রাম্যমান টিকাকরণ সেন্টার থেকে দুয়ারে ভ্যাকসিনেশন, করোনাকালে মানুষের প্রয়োজনে দেখা গিয়েছে নানা অভিনব পদক্ষেপ। ট্রেনের কোচকেই ভ্রাম্যমাণ টিকাকরণ সেন্টার বানিয়ে তুলল রেলওয়ে কর্তৃপক্ষ।

গত শুক্রবার সকালে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের এই ভ্রাম্যমান হেলথ ও কোভিড ভ্যাকসিনেশন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

‘আরোগ্য’র যাত্রা শুরু করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলেওয়ের প্রধান মেডিক্যাল অফিসার চিকিৎসক রণেন্দ্রু ভট্টাচার্য। এসময় তাঁদের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব রেলের অধীনস্থ বিআর সিংহ হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্সরা থাকবেন ট্রেনের এই ভ্রাম্যমাণ হেলথ ও ভ্যাকসিনেশন ইউনিটের সঙ্গে।

জানা যায়, রেলকর্মীদের পরিবারের লোকজন, অবসরপ্রাপ্ত রেলকর্মী ও ফ্রন্টলাইন রেলকর্মীদের টিকাকরণ করা হবে ‘আরোগ্য’তে। ট্রেনটির যাত্রাপথ নির্দিষ্ট করা হয়নি। তবে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে ট্রেনটি। আপাতত প্রত্যেক সফরে ভ্যাকসিনের ১৪০টি করে ডোজ দিয়ে পরিষেবা শুরু হবে। পরে যা আরও বাড়ানো হবে বলেই জানানো হয়েছে।

বাতানুকুল ইএমইউ কোচ তথা ‘আরোগ্য’ তে রোগীদের, চিকিৎসকদের ঘরের পাশাপাশি ভ্যাকসিনেশনের ঘর, টিকাকরণের জন্য পর্যবেক্ষণের ঘর, এমনকি ছোটখাটো অপারেশনের জন্যও আলাদা ঘর থাকছে। বিভিন্ন স্টেশনে স্টেশনে গিয়ে রেলকর্মীদের হেলথ চেক আপও করা হবে এই কোচের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ভ্যাকসিনেশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান পূর্ব রেলের আধিকারিকরা। কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তরফেও ভ্যাকসিনের সরবরাহের দিকটি দেখা হচ্ছে বলেও জানান তারা।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর