রাজশাহী নগরীতে অস্ত্রহাতে ভাইরাল হওয়া সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেলিম মোর্শেদ (৪০) নামে ওই যুবকের বাবা মহানগর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি মহাতাব আলীর ছেলে।
রোববার (২৭ জুন) দিনগত রাতে তাকে নগরীর বর্ণালীর মোড় থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সাথে থাকা তার চাচাত ভাই মহানগরীর দাশপুকুর এলাকার জামাল উদ্দিনের ছেলে রানা হোসেন (৩২) এবং জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকার রবিউল হোসেনের ছেলে পিটার হোসেনকেও (২৮) তখন গ্রেফতার করা হয়।
জানা যায়, রোববার দুপুরে অস্ত্র হাতে এক যুবক তার সঙ্গীর সাথে ফেসবুকে ভাইরাল হয়। ২৭ সেকন্ডের ভিডিওটি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। পরে মাঠে নামে রাজশাহী মহানগর পুলিশ। অবশেষে তাদেরকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ভিডিওটিতে যে যুবক আগ্নেয়াস্ত্র নাড়াচাড়া করছিলেন সে আওয়ামী লীগ নেতা মাহাতাব আলীর ছেলে সেলিম। আর যে ছেলেটি সেসময় তার সঙ্গে ছিল সে তার চাচাত ভাই রানা। সেলিমের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা, মাদকসেবন, জমি দখল, এলাকায় চাঁদাবাজি এবং ইতোপূর্বে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শীতের পোশাক পরিহিত এক যুবক ঘরের ভেতরে হাতে পিস্তল নিয়ে নাড়াচাড়া করছেন। তার পাশে বসে আছেন আরেক যুবক। এসময় তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন।
বার্তা বাজার/এসজে