রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তার পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ‘মানবিক নিয়োগপ্রাপ্ত’ ব্যক্তিদের কয়েকজনের নাম উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমারের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুস সালাম সোমবার (২৮ জুন) বিকেলে এই জিডি করেন।
রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, গত বুধবার মহানগর পুলিশ কমিশনারের কাছে বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিত আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় কর্তৃপক্ষ এবার জিডি করেছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়া শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম জানান, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা রেজিস্ট্রারের কাছে পত্রটি পাঠিয়েছিলেন। উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জিডি করা হয়েছে। এটি প্রক্টরের মাধ্যমে থানায় গেছে।
এদিকে অবৈধ নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সোমবার (২৮ জুন) ক্যাম্পাসে মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কর্মস্থলে যোগদান করতে দিতে হবে। যোগদানের স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। নইলে তাঁরা সামনে কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন। এমনকি বর্তমান রুটিন উপাচার্যের পদত্যাগের দাবিতেও তারা আন্দোলন করবেন।
মোঃনবী আলম/বার্তা বাজার/টি