ভারত থেকে সরে সংযুক্ত আরব-আমিরাতে গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তাদের ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে পারছেনা বিসিসিআই, জানিয়ে দিলেন সভাপতি সৌরভ গাঙ্গুলি।
আইসিসির সবশেষ বোর্ড সভায় ভারতে বিশ্বকাপ আয়োজন করতে পারবে কিনা সে সিদ্ধান্ত জানাতে এক মাস সময় চেয়েছিলো বিসিসিআই। শেষ দিনে নিজেদের অপারগতার কথা জানালো ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এই সময়ের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে তো আসেইনি, উল্টো যোগ হয়েছে ডেল্টা, ডেল্টা প্লাস নামক ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট। আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন নিয়ে কোন রকম ঝুঁকি নিতে রাজী নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, আইসিসিকে জানিয়ে দিয়েছি টি-২০ বিশ্বকাপ আরব-আমিরাতে সরানোর কথা। করোনা পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতে অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়েছে ক্রমশ; দেশটাতে করোনা মহামারি সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি এখনো। সব জল্পনা-কল্পনার অবসান হলো বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর কথায়।
এর আগে, করোনার কারণেই আইপিএলের স্থগিত হওয়া ম্যাচগুলো সংযুক্ত আরব-আমিরাতে সরিয়ে নেয়া হয়। তখন থেকেই টি-২০ বিশ্বকাপ ভারতে আয়োজন নিয়েও চলছিলো শঙ্কা; নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সৌরভ ও তার বোর্ড কর্তারা।
ষোলো দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরু হবে ১৭ অক্টোবর, শেষ হবে ১৪ নভেম্বর।
বার্তাবাজার/ই.এইচ.এম