কাদের-ফখরুলের ‘পালাগানে’ বিরক্ত জাপার ফিরোজ!

রাজনীতির নাম করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পালাগান করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির দলীয় সাংসদ কাজী ফিরোজ রশীদ।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

জাতীয় পার্টির এই এমপি বলেন, আজকে দেশে কোনো রাজনীতি নেই। রাজনীতির নামে এখন পালাগানের অনুষ্ঠান হয়। সন্ধ্যার সময় ওবায়দুল কাদের সাহেব এক পালাগান। বিএনপি ওই গান শুনে। এর একটু পরেই টেলিভিশনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরেক পালাগান। আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি দেখছি। এ পালাগান চলছে দেড় বছর।

তিনি বলেন, রাজনীতি শূন্য, কোথাও রাজনীতি নেই। ডান, বাম, মধ্যপন্থী সব এক হয়ে জাতীয় পার্টিকে ক্ষমতা থেকে নামিয়েছিল। এ সময় তিনি জাসদের হাসানুল হক ইনুকে দেখিয়ে বলেন, এ ওনারা মধ্যস্থতা করে বুদ্ধি দিয়েছিলেন ৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, ৫ বছর বিএনপি ক্ষমতায় থাকবে। কিন্তু আওয়ামী লীগ পরে দেখলো এভাবে করতে গেলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে।

আমলা তন্ত্রের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন ডিসিদের সঙ্গে কথা বলেন, তখন এমপিদের কোনো দাম থাকে না। রাজনীতি না থাকায় রাজনীতির মঞ্চগুলো আস্তে আস্তে ব্যবসায়ীরা দখল করেছেন। ব্যবসায়ীদের হাতে তো ব্যবসার চালিকা শক্তি ছিলই। অর্থনীতির চালিকা শক্তি তাদের কাছে। এখন রাজনীতিও তাদের হাতে। এখন দেশ চালাচ্ছে জগৎ শেঠরা, দেশ চালাচ্ছে আমলারা।

কাজী ফিরোজ রশীদ বলেন, আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য। অথচ রাজনীতিবিদরা দেশটা স্বাধীন করেছে। রাজনীতিবিদ ছাড়া ব্যবসায়ীদের মধ্যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর