করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৫ দিন বাড়িয়ে দেয়া হয়েছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণ বেঁড়ে যাওয়ায় গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর ধারাবাহিক ভাবে চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আবারো সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়।
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আবারো বাড়ানো হলেও পূর্বের মতোই ভারতে অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। তবে সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে বলে জানা গেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম