সরকারি চাকরিজীবীদের প্রজাতন্ত্রের সেবক উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, গতানুগতিক চাকরির ধারা থেকে বের হয়ে এসে দেশের প্রতি দায়িত্বশীল হোন। সবসময় নিজের বিবেক জাগ্রত রাখুন।
সোমবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন সরকারি চাকরিজীবীকে সততা, দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা, ঐকান্তিক ইচ্ছা ও নিরলস প্রচেষ্টা নিজের মধ্যে কঠোরভাবে ধারণ করতে হবে। কীর্তির মধ্য দিয়ে নিজেদের স্মরণীয় করে রাখতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, আপনাদের কাজের প্রতি আরো আন্তরিক হতে হবে যাতে আপনাদের আন্তরিকতা, একাগ্রতা ও আত্মনিবেদন অন্যদের উৎসাহিত করে। কোন অজুহাতে কাজ আটকে রাখা পুরোমাত্রায় অনৈতিকতা। দাপ্তরিক কর্মসম্পাদনে এ বিষয়টি সব সময় পরিহার করতে হবে।
২০২০-২১ অর্থবছরে তিনটি ভিন্ন শ্রেণিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অফিস সহায়ক রুহুল আমিন।
বার্তাবাজার/ই.এইচ.এম