ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মানুষের চলাচলের একটি সড়ক কেটে সরু করার অভিযোগ উঠেছে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির উপর। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মুশুলী ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামে মানববন্ধন করে এ প্রতিবাদ জানায় গ্রামবাসী।
সোমবার বালুয়াকান্দা গ্রামে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশ থেকে একটি সড়ক বালুয়াকান্দা গ্রামের প্রবেশ করেছে। ওই সড়ক থেকে আরেকটি উপসড়ক বালুয়াকান্দা গ্রামের একটি পাড়ায় প্রবেশ করেছে। ওই পাড়ায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে।
বালুয়াকান্দা গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মতিউর রহমান (৪৮) জানান, গ্রামবাসীর চলাচলের জন্য বালুয়াকান্দা গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক তাঁর নিজের জমির ওপর দিয়ে রাস্তা তৈরির অনুমতি দিয়েছিলেন। গ্রামবাসী নিজেরা মাটি কেটে রাস্তা তৈরি করেছে। গ্রামের মানুষ গত ৭-৮ বছর বছর ধরে এই রাস্তা ব্যবহার করছে। সম্প্রতি আবু বক্কর সিদ্দিক রাস্তার পাশ থেকে মাটি কেটে নিয়ে গেছেন। ফলে রাস্তাটি সরু হয়ে পড়েছে। সরু রাস্তা দিয়ে রিকশা, ভ্যান, বা কৃষি ও মৎস্য পণ্য পরিবহণ করার জন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। ফলে গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জন্য রাস্তা কাটার প্রতিবাদে মানববন্ধন করে প্রতিবাদ জানানো হচ্ছে।
গ্রামের একাধিক বাসিন্দা জানায়, কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি গ্রামে প্রবেশ করতে পারবে না। রাস্তা কাটার বিষয়ে আবু বক্কর সিদ্দিক বলেন, আমার রাস্তা আমি কেটে ফেলেছি। কাটা অংশ জায়গা আমার। তাছাড়া গ্রামের লোকজন তাঁর সাথে দুর্ব্যবহার করেছে।
মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি