তিন ক্রিকেটারকে বহিষ্কার করলো শ্রীলঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। মাঠে লজ্জাজনক পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরে বিতর্কে জড়ালেন তিন লঙ্কান ক্রিকেটার।

করোনাভাইরাসের জন্য সতর্কতাস্বরুপ সৃষ্ট জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে তিন ক্রিকেটারকে বহিষ্কার করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই তিন ক্রিকেটার হলেন- কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় হাঁটাহাঁটি ও ধূমপানের পায়তারা করছেন কুশল মেন্ডিস ও নিরোশান ডিকওয়েলা। ভিডিওতে গুনাথিলাকাকে দেখা না গেলেও তিনি তাদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হওয়ার পরপরই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তাদের বহিস্কৃত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, বায়োবাবল ভাঙার অভিযোগে কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকাকে বহিষ্কার করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফেরানো হচ্ছে।

এর ফলে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তাদের। আগামীকাল ২৯ জুন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর