হেফাজত জঙ্গি সংগঠন, তাদের নিষিদ্ধ করা হোক: শেখ সেলিম

হেফাজতে ইসলামকে স্বাধীনতাবিরোধী জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, হেফাজতে ইসলাম এরা ছিলো স্বাধীনতা বিরোধী নেজামে ইসলামি। মানুষ মেরে এরা কিভাবে ইসলামকে হেফাজত করবে? এটা জঙ্গি সংগঠন, এ সংগঠনকে নিষিদ্ধ করা হোক। যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হয়েছে সেভাবে।

শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের বিভিন্নস্থানে বিএনপি, জামায়াত, হেফাজত তাণ্ডব চালিয়েছে। সরকার পতনের উদ্দেশ্য ছিল তাদের। ওরা স্বাধীনতা দিবস সহ্য করতে পারে না, ওদের বুকে ব্যথা লাগে।

তিনি বলেন, কথা নাই বার্তা নাই বায়তুল মোকারমে জমা হয়ে তাণ্ডব চালায়। সেখানে মুসুল্লিরা নামাজ পড়তে পারে না। বায়তুল মোকারমে এ ধরনের সমাবেশ নিষিদ্ধ করা উচিত। তারা বায়তুল মোকারমকে প্লাটফর্ম বানিয়েছে। কোরান শরিফ পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, সাম্প্রদায়িকতা হচ্ছে আমাদের প্রধান শত্রু। পাকিস্তান আমলে অধিকার আদায়ের কথা বললেই ধর্মের নামে সাম্প্রদায়িক উসকানি দিয়ে শাসন করা হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের রাজনীতি করা, সম্প্রাদায়িক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি আন্তর্জাতিক চক্রের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান এসে এদের রাজনীতি করার অনুমতি দেন, সম্প্রদায়িক রাজনীতি করার সুযোগ করে দেন। জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন যার বাংলা করলে দাঁড়ায় বি মানে বাংলাদেশ, এন মানে না এবং পি মানে পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশ না পাকিস্তান। জিয়া জঙ্গি সন্ত্রাসীদের স্থান করে দিয়েছেন। উদ্দেশ্য ছিল স্বাধীনতার সপক্ষের শক্তি ও মুক্তিযোদ্ধাদের শেষ করা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর