নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নন্দকুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মল্লিকা রানী দাস (১৫) কে অপহরণের ৭ দিন পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধুপপোল এলাকা থেকে উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।
রবিবার সন্ধায় হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিকাশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ নিয়ে গোপন সূত্রে খরব পেয়ে হাটহাজারী উপজেলার ধুপপোল এলাকার একটি বাড়ী থেকে অপহৃত কিশোরী ও আসামী আরাফাত হোসেন (৩০) কে আটক করে হাতিয়া থানায় নিয়ে আসেন।
অপহৃত কিশোরী হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লক্ষীদিয়া গ্রামের পঙ্কজ চন্দ্র দাসের মেয়ে। এই ঘটনায় কিশোরীর মা মিনতি বালা দাস বাদী হয়ে হাতিয়া থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।
উদ্ধারকৃত ছাত্রী মল্লিকা রানী দাস পুলিশকে জানান, গত সোমবার সকালে স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার ইয়াছিন চৌকিদারের ছেলে চার সন্তানের জনক আরাফাত হোসেন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে সোমবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ও আসামী আরাফাত হোসেনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি