দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে চান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রায় ৮৭ শতাংশ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই জরিপ পরিচালনা করেন।
গত ২৭ জুন থেকে শুরু হওয়া জড়িপে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় সব বিভাগের ১০১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেন ৮৭.৭ শতাংশ শিক্ষার্থী এবং অনাগ্রহ দেখান ১২.৩ শতাংশ শিক্ষার্থী। আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে মাস্টার্সের ১৪ শতাংশ, স্নাতক শেষ বর্ষের ১৩ শতাংশ, তৃতীয় বর্ষের ১২.৫ শতাংশ এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের যথাক্রমে ৩৩.৪ ও ১৯.৯ শতাংশ শিক্ষার্থী মতামত প্রকাশ করেন।
দীর্ঘ দিনের সেশনজট এবং কোনো কোনো ব্যাচের শিক্ষার্থীদের ছয় বছরেও স্নাতক শেষ না হওয়ার আক্ষেপেই দ্রুত পরীক্ষা দিয়ে শিক্ষাজীবন শেষ করতে চাচ্ছেন তারা।
এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম আশিক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই কোভিডকালীন সময়ে বিকল্প হিসেবে অনলাইনের ইয়ার ফাইনাল এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়ে নিচ্ছে। এর মধ্যে ঢাবি, জাবি, খুবি, নোবিপ্রবি, বুয়েট এবং বিইউপি উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, ইতোপূর্বে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহু শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিতে দেখেছি। তাই আমরা আশা করছি, এবারও তারা অনলাইনে ফাইনাল পরীক্ষা আয়োজনের মাধ্যমে সেশনজট নামক এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করবেন। এবং এটি এখন অনেকাংশেই সম্ভব, যেহেতু অনলাইনে ইন্টারনাল পরীক্ষায় শতভাগ উপস্থিতি আমরা লক্ষ করেছি।
ছয় বছরে অনার্স শেষ করতে না পারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার মিশু বলেন, আমরা অনেক পিছিয়ে পড়েছি, এখন অনলাইনে হলেও আমাদের পরীক্ষা নিয়ে দ্রুত কোর্স শেষ করা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন বলেন, এ বিষয়ে আমাদের একটি কমিটি ইতোমধ্যে রয়েছে, তারা প্রাথমিকভাবে অনলাইনে পরীক্ষার বিষয়ে সুপারিশও করেছে, বর্তমান পরিস্থিতিতে এই কমিটি আবার বসে ফাইনাল পরীক্ষা কীভাবে অনলাইনে নেওয়া যায়, সে বিষয়ে তারা কাজ করবে।##
বার্তাবাজার/পি