মগবাজারের ঘটনা কোনো সাধারণ বিস্ফোরণ নয়: বিস্ফোরক অধিদপ্তর
রাজধানীর মগবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছে বিস্ফোরক অধিদপ্তরের একটি দল। সোমবার (২৮ জুন) সকালে তারা ঘটনাস্থলে যায়।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিস্ফোরক অধিদফতরের এক পরিদর্শক বলেন, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে। বিভিন্ন ধরনের গ্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়ারলেস গেটের ৭৯ নং আউটার সার্কুলার রোডের পুরনো ৩ তলা ভবনে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন কেঁপে ওঠে পুরো এলাকা। ভবনটির একাংশ ধসে পড়ে ও আশেপাশে ১০-১২টি ভবনের জানালার কাচ ভেঙে যায়। তখন সড়কে থাকা কয়েকটি বাসও ক্ষতিগ্রস্থ হয়।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১ নারী ও শিশু। আহত অর্ধশতাধিকের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বার্তা বাজার/এসজে