পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে ৪০ লক্ষাধিক টাকার মাছ নিধন
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে বিষ দিয়ে ৪০ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। রবিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া এলাকায় ইমান আলীর পুকুরে এই ঘটনাটি ঘটে।
এই ঘটনায় রাতে ও সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভূক্তভোগীর অভিযোগ, প্রতিপক্ষের লোকজন এই ঘটনাটি ঘটিয়েছে।
পুকুরের মালিক ইমান আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী ও তার ভাইয়েরা মাছের ব্যবসা করে আসছিল। বিভিন্ন যায়গায় পুকুরে মাছ চাষ করা হচ্ছিল। কিন্তু পূর্ব বিরোধকে কেন্দ্র করে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরীর সাথে একই এলাকার সুমন চৌধূরীর সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কিছুদিন আগে সুমন চৌধূরীর ভাই ইমরান, ফরহাদ মেম্বারের ছেলে রবিন, আজাদ মিয়ার ছেলে মাসুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরীর ভাই ইমান উদ্দিনের পুকুরের পাড়ে বসে মাছ মেরে ফেলার জন্য পায়তারা করছিল।
এরই জের ধরে রবিবার রাতে শরীফপুর ইউনিয়নের শালুকপাড়া এলাকায় চেয়ারম্যানের ভাই ইমান উদ্দিনের ৩’শ ৬০ শতাংশ পুকুরে সুমন চৌধূরীর ভাই ইমরান, ফরহাদ মেম্বারের ছেলে রবিন, আজাদ মিয়ার ছেলে মাসুদ বিষ ঢেলে দেয়। এসময় পুকুরের পাহাড়াদার সিয়াম বিষয়টি দেখতে পেয়ে তাদের ধরতে গেলে ইমরান, রবিন ও মাসুদ পালিয়ে যায়। পরে তারেই পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তবে অভিযুক্ত সুমন চৌধুরী তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
এই বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সোবার সকালে আবারো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভূক্তভোগীদের কাছ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি