মগবাজার বিস্ফোরণে জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান উপস্থাপকের মৃত্যু

রাজধানীর ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যমকর্মী, পবিত্র কোরআনের হাফেজ ও রেডিও ধ্বনির ইসলামিক অনুষ্ঠান ‘আহকামুল জুমা’র উপস্থাপক মুস্তাফিজুর রহমান মারা গেছেন।

গতকাল রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ।

বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় মেধাবী শিক্ষার্থী হাফেজ মুস্তাফিজুর রহমানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রতি শুক্রবার রেডিও ধ্বনিতে মুস্তাফিজুর রহমানের ‘আহকামুল জুমা’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতো। এছাড়া তিনি একজন সংস্কৃতিকর্মী হিসেবেও বেশ পরিচিত। উপস্থাপনা করতেন রেডিও একাত্তরের ‘ইসলাম ও আমরা’ নামে একটি অনুষ্ঠানও।

এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় উপস্থাপনা বিষয়ক কোর্স করাতেন। টেলিভিশনে রমজান মাসব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান ‘আলোকিত কোরআন’ ও ‘সময়ের সেরা হাফেজ’ প্রোগ্রামগুলোর সমন্বয়কারী ছিলেন তিনি।

নিহতের স্বজনরা জানান, পরিবারের বড় ছেলে মুস্তাফিজুর রহমান। পড়াশোনা ও কাজের সুবাদে ঢাকায়ই থাকতেন। হয়তো কাজের জন্যই মগবাজারে গিয়েছিলেন।

জানা যায়, মুস্তাফিজুর রহমানের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কওমি মাদরাসায় পড়াশোনা শেষ করে তিনি উচ্চতর ডিগ্রির জন্য কলেজে ভর্তি হয়েছিলেন।

তার দীর্ঘদিনের সহকারী মাহমুদুল হক জালীস বলেন, তিনি অত্যন্ত নরম, ভদ্র এবং বিনয়ী ছিলেন। সব সময় হাসিমুখে কথা বলতেন। সব কাজে পারদর্শী ছিলেন। তার এমন চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর