করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে খুলনা বিভাগ। এ বিভাগে দৈনিক মৃত্যু ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। খুলনা বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।
সোমবার (২৮ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মধ্যে হয়েছে। এছাড়াও খুলনায় ছয়জন, মেহেরপুরে চারজন, ঝিনাইদহে চারজন, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাটে দুইজন, যশোরে একজন, সাতক্ষীরার একজন এবং নড়াইলে একজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৩১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ১১ জন ও সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৮ জন।
বার্তা বাজার/নব