যুবককে পিটিয়ে হত্যা: মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র গ্রেফতার
চট্টগ্রামে আজিম হোসেন শাহাদাত নামে এক তরুণকে পিটিয়ে হত্যা মামলায় মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার(২৭ জুন) রাতে চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, কাউন্সিলরের নামে চাঁদাবাজি করছে এমন অভিযোগে গত শুক্রবার আজিম হোসেন শাহাদাত নামে ওই যুবককে বাসা থেকে তুলে আনে কাউন্সিলরের লোকজন। পরে মিরসরাই হোপ মা ও শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলায় তাকে বেঁধে নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে মৃত্যু হয় ওই যুবকের। এ ঘটনায় রাজু ও তার ৩ সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আজিম হোসেন শাহাদাত খুনের ঘটনায় তার বাবা বাদী হয়ে কাউন্সিলর রাজুসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এই মামলায় রাজুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
বার্তাবাজার/পি