পরিবহন মিললেও বেশি ভাড়া আদায়, পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার সাভারে গণপরিবহন সংকট ও বেশি ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২৮ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার অপেক্ষারত শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রেডিওকলোনী এলাকায় দীর্ঘসময় গাড়ি না পেয়ে অপেক্ষারত ছিলেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক। দীর্ঘ অপেক্ষার পর গাড়ি মিললেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

পুলিশ জানায়, এতে বিক্ষুব্ধ হয়ে কয়েক’শ শ্রমিক বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে ঢাকা-আরিচা মহসড়কের রেডিওকলোনী এলাকায় অবস্থান নেয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সাভার থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝালে তারা সড়ক ছেড়ে দেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে পোশাক শ্রমিকরা রেডিওকলোনী এলাকায় সড়ক অবরোধ করে। গণপরিবহন সংকট ও বেশি ভাড়া আদায়ের অভিযোগ জানায় তারা। পরে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে এক ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর