করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।
সোমবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, মৃতদের মধ্যে সর্বোচ্চ সাতজন রাজশাহীর। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর একজন ও নাটোরের একজন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের চারজন ও রাজশাহীর তিনজন রয়েছেন।
অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন রয়েছেন।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৮ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন।
বার্তা বাজার/নব