মসজিদ ভেঙ্গে দিচ্ছি, জায়গা দখল করেছি, সবই মিথ্যা: আইভী
‘মসজিদ ভেঙ্গে দিচ্ছি, মসজিদের জায়গা দখল করেছি এগুলো মিথ্যা বলে জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, আমি আপনাদের পাশে সেই ২০০৩ থেকে যেভাবে কাজ করছি, এখনো সেভাবেই কাজ করছি। কে ভোট দিলেন, কে দিলেন না, কে গালি দিলেন বা কে খারাপ বলেন, আমার এটা নিয়ে কোনও মাথা ব্যাথা নাই।
রবিবার (২৭ জুন) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় মাওলানা আলী (রাঃ) সিটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আজকে আমরা যে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি, সেটার পিছে ব্যায় হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। যার সম্পূর্ণটা সিটি কর্পোরেশন দিচ্ছে।
নারায়ণগঞ্জে আরও প্রায় ৭টি মসজিদ স্থাপন করেছেন উল্লেখ করে মেয়র আইভী জানান, শুধু মসজিদ না, আমি মন্দিরও করে দিয়েছি। আমি সকল ধর্মের মানুষেরই প্রতিনিধিত্ব করছি। আমার কাজ হচ্ছে, আপনাদের কাজ করে দেয়া। কেউ খারাপ বলবে আবার কেউ ভালো বলবে কিন্তু, দায়িত্ব আপনাদের বিবেকের উপরে।
তিনি আরও বলেন, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে হবে নির্বাচন, আমিও আমার নেত্রীর কাছে প্রতীক চাইবো। আমি আবার আপনাদের কাছে ভোট চাইতে আসবো, ভোট দেয়া না দেয়া সেটা আপনাদের ব্যাপার।
বার্তাবাজার/পি