মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল-সিটিটিসি ইউনিট

রাজধানী মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিজের সদস্যরা।

রোববার (২৭ জুন) রাতে ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন তাঁরা। এ তথ্যটি নিশ্চিত করেছেন রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি জানান, প্রকৃতপক্ষে এ ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস থেকে এটি ঘটে থাকতে পারে। এছাড়া এ ঘটনায় নাশকতা রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, এখানে কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। আমাদের অনেকগুলো টিম কাজ করছে। নাশকতার আশঙ্কা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটও এখানে এসেছে। তাঁরা তাদের অ্যাঙ্গেল থেকে কাজ করছে।

ঘটনা কীভাবে ঘটেছিলো জানতে চইলে তিনি বলেন, আপনারা নিশ্চয় দেখেছেন এই ঘটনায় ওই বিল্ডিংটা ভেঙে গেছে। বিস্ফোরণের আচ বহুদূরে চলে গেছে। বিল্ডিংয়ের দরজা-জানালা ভেঙে টুকরো টুকরো হয়ে বহু দূরে চলে গেছে। আমার ধারণা, এই বিল্ডিংয়ের ভেতরে কোনো একটা রুম গ্যাস চেম্বার হয়ে গিয়েছিলো। সেখানে ফায়ার ওপেন করেছে এবং সঙ্গে সঙ্গে এই বিস্ফোরণটা হয়েছে। এই গ্যাসটা বহুদূর চলে যায় এবং একটা লাইনে যা পায় সব গুঁড়ো করে দিয়ে যায়। অতীতেও আমি এমন দুই-তিনটা ঘটনা দেখেছি।

নাশকতার কোনো আশঙ্কা দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট চলে এসেছে এবং তাঁরা কাজ করছে। একই সংগে ফায়ার সার্ভিস, তাঁদের বিরাট অভিজ্ঞতা আছে, তারাও কাজ করছে। এটা ফাইন্ড আউট হয়ে যাবে। পাশাপাশি অন্য কোনো ঘটনাও রয়েছে কি না তাও তদন্ত চলছে। এখানে সিটিটিসি’র সদস্যরাও কাজ করছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর