মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সরকারের উদাসীনতাকে দুষলেন ফখরুল
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ভবন ধসে এপর্যন্ত প্রাপ্ত তথ্যমতে অন্তত: ৬ জনের প্রাণহানি এবং অনেক মানুষ আহতের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় সরকারের উদাসীনতাকে তিনি দায়ী করেছেন।
রোববার (২৭ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত: ৬ জনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডসহ বিভিন্ন ধরণের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি কর্পোরেশন এসবের পুনরাবৃত্তিরোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ দুরের কথা, বরং সবসময় উদাসীন থেকেছে।
ফখরুল বলেন, সকল অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সকল তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে। এসব মর্মস্পর্শী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের উদাসীনতায় একের পর এক দূর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে। জনগণের জান-মাল রক্ষা করতে সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে চরম বিপন্ন ও দিশেহারা করে তুলেছে। সরকারের প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা এসব দূর্ঘটনা প্রতিরোধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এজন্য এধরণের বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা রোধে সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে। আজ মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের কারণ উন্মোচনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।
একই সাথে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবী এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেরও দাবি করেন তিনি।
বার্তা বাজার/তুহিন